শফিউল আলম রাজীব
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//
কুমিল্লার দেবীদ্বারে বিটুমিনবাহী ট্রাকের সাথে ব্যাটারী চালিত অটোরিক্সার সংঘর্ষে অটোচালক নিহত হয়েছে।
রবিবার দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বারেরা এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত অটো চালক নজরুল ইসলাম(৪৩) দেবীদ্বার পৌর এলাকার ভূষণা গ্রামের ব্যাপারী বাড়ির মৃত: আব্দুস সাত্তারের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৩০মিনিটের দিকে চালক নজরুল ইসলাম তার অটোরিক্সা নিয়ে ভিরাল্লা যাবার পথে সড়ক নির্মাণ কাজে নিয়োজিত একটি বিটুমিন বহনকারী ট্রাক (নং- চট্র-মেট্রো-ঢ- ৪১০৩৬৮) অটোরিক্সাটিকে ধাক্কা দিলে চালক ও এক অজ্ঞাত যাত্রীসহ অটোরিকশা টি ছিটকে পড়লে চালক নজরুল ইসলাম মারাত্মক আহত হন। তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মামলা হয়নি, তবে মামলা দিলে মামলা নেব।



Post a Comment