শফিউল আলম রাজীব,
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারে প্রাইভেটকার উল্টে মোহাম্মদ হেকিম মিয়া (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছে। ঘটনায় অপর এক পথচারী এবং প্রাইভেটকার চালক ও যাত্রীসহ আরও ৪ জন গুরুতর আহত হয়।
মঙ্গলবার সকালে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল আনুমানিক ৭টায় ছগুরা বাজারে নাস্তা খেয়ে স্থানীয় “পপুলার এগ্রো ইন্ডাষ্ট্রিজ’ এর শ্রমিক হেকিম মিয়া(৫৫) কর্মস্থলে যাচ্ছিলেন, এসময় কুমিল্লামুখী দ্রুতগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১১-৩৫১০নং) নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে পার্শ্ববর্তী জমিতে গিয়ে উল্টে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে প্রাইভেট কারের ভেতরে থাকা চালক (৩৫), মহিলা (২৮) ও একটি কণ্যা শিশু(৮) এবং পাশে পড়ে থাকা পথচারী সাহিদা বেগম(৪৫)কে উদ্ধার করেন। প্রাইভেট কারের যাত্রীদের ভাষ্যানুযায়ী গাড়ির নিচে চাপা পড়ে থাকা হেকিম মিয়াকে উদ্ধার করেন।
স্থানীয়রা শ্রমিক হেকিম মিয়া ও পথচারী সাহিদা বেগমকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক হেকিম মিয়াকে মৃত ঘোষণা করেন। এবং অপর আহত সাহিদা বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। এসময় প্রাইভেটকারে থাকা চালক ও যাত্রীরা পালিয়ে যায়।
নিহত হেকিম মিয়া কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার গজারিয়া গ্রামের মৃত: এহসান আলীর পুত্র এবং অপর আহত সাহিদা বেগম দেবীদ্বার উপজেলার দক্ষিণ নারায়নপুর গ্রামের কবির হোসেনের স্ত্রী।
এ ব্যাপারে মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ কামাল উদ্দিন জানান, সড়ক দূর্ঘটনায় নিহত শ্রমিকের মরদেহ পুলিশ ফাঁড়িতে নিয়ে এসেছি, প্রাইভেট কারটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে প্রাইভেট কারের চালকসহ ৩ যাত্রী পালিয়ে যায়। নিহতের স্বজনরা আসার পরই আইনগত ব্যবস্থা নেব।



Post a Comment