শফিউল আলম রাজীব,
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি //
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় কোনো মানুষ ঠিকানা বিহীন থাকবে না। শুধু থাকার ব্যবস্থাই নয়, আমরা পানি ও বিদ্যুতের ব্যবস্থার পাশাপাশি ঋণসহ প্রয়োজনীয় সব বিষয়ে সহায়তা করে যাচ্ছি। একটি উপজেলায়ও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। দুর্যোগে কেউ ভূমিহীন হলে তাকেও ঘর করে দেওয়া হবে।
বুধবার (২২ মার্চ) গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়।আমি খুবই আনন্দিত চতুর্থ পর্যায়ে আরও ৩৯ হাজার ৩৬৫ পরিবারকে ভূমি ও ঘর দিতে পারছি। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারা অনেক আনন্দের। এদিন মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, রাজশাহী, জয়পুরহাট, চাঁপাই নবাবগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ১৫৯টি উপজেলাকেও ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা দেন তিনি।
এদিকে একই কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার দেবীদ্বারে ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দুই শতাংশ জমিসহ সেমিপাকা ঘর হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার আশ্রয়ণ প্রকল্পের মানুষের সঙ্গে যুক্ত হন। সেখানে থাকা উপকার ভোগীদের সঙ্গে কথা বলেন। ঘর পেয়ে আনন্দিত উপকার ভোগীরা।
বুধবার সকাল ১০টায় দেবীদ্বার উপজেলা পরিষদ হলরুমে আয়েজিত ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা সহকারি প্রোগ্রামার বেনজির আহমেদের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে সভাপত্বি করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা। এসময় বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.গোলাম মাওলা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর, বরকামতা ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, সুলতানপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবির, গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুল, মোহনপুর ইউপি চেয়ারম্যান মো. ময়নাল হোসেন, ভানী ইউপি চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূঁইয়া, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান জাকারিয়া ম্যানেজার, রাজামেহার ইউপি চেয়ারম্যান মো.জসিম উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও উপকারভোগীরা ।



Post a Comment