দেবীদ্বারে কুকুরের কামড়ে ইউপি মেম্বারসহ আহত ৩০, হাসপাতালে ভ্যাকসিন সংকট



শফিউল আলম রাজীব,
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধলাহাস ও মরিচাকান্দা গ্রামের বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে সাবেক ইউপি সদস্য, শিশু-বৃদ্ধ, নারীসহ ৩০ জন আহত হওয়ার ঘটনা ঘটছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত উপজেলার ধলাহাস ও মরিচাকান্দা গ্রামের বিভিন্ন এলাকায় ২টি পাগলা কুকুর এলোপাথারি লোকজনকে কামড়াতে থাকে। কুকুরের কামড়ে নারী-শিশু ও পথচারী আহত হতে থাকলে স্থানীয়রা একটি কুকুরকে পিটিয়ে মেরে ফেললেও অপর কুকুরটিকে নাগালে পাওয়া যায়নি।

এ সময় কুকুরের কামরে আহত হন ধলাহাস গ্রামের সাবেক ইউপি সদস্য আলী হোসেন(৬০), একই গ্রামের জুলহাসের ছেলে মো শাহিন(১০), অলিউল্লাহর স্ত্রী তাহেরা বেগম(৬০), মৃত দুধ মিয়ার ছেলে জহিরুল ইসলাম(৩৫), আব্দুর রহমানের স্ত্রী সাহেরা বেগম(৪৫), আবুল হোসেনের মেয়ে সামিয়া আক্তার(১৭), হুমায়নের মেয়ে খাদিজা আক্তার(২০), মনু মিয়ার ছেলে মো. তৌফিক(২৫), মৃত রহিম উদ্দিনের ছেলে মো. বশির উদ্দীন(১০০), আব্দুর রহিমের ছেলে মনিরুল ইসলাম(৩০), মরিচাকান্দা গ্রামের জুয়েলের স্ত্রী কলি আক্তার(২১), আবুল হোসেনের স্ত্রী পেয়ারা বেগম(৫০), মো.জিন্নত আলীর ছেলে মো.জসিম (৪৮), আবুল কাশেমের ছেলে মো.ইকবাল হোসেন(৪০), মো. ফারুকের মেয়ে ফারজানা আক্তার (২০), পথচারী পরমতলা গ্রামের মো. শরিফ উদ্দীনের শিশু কন্যা সুরাইয়া(৪) ও রহিমা আক্তারসহ আরো অনেকে।

এদিকে আহতদের চিকিৎসায় র‍্যাবিক্স-ভিসি দেওয়া হলেও মূল ভ্যাকসিন র‍্যাবিক্স আইজি সরবরাহ না থাকায় দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। ভ্যাকসিন সরবরাহ না থাকায় আক্রান্তরা স্থানীয় ওষুধের দোকান থেকে তা সংগ্রহ করে চিকিৎসা নিয়েছেন।

দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেল ৩টা থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৩০ জন কুকুরের কামড়ের শিকার হয়ে চিকিৎসা নিয়েছেন। আক্রান্ত ৩০ জনের মধ্যে  শিশু, নারী,বৃদ্ধ ও প্রাপ্তবয়স্ক লোক রয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, হাসপাতালে র‍্যাবিক্স-ভিসি ভ্যাকসিন সরবরাহ থাকলেও জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় আইজি ভ্যাকসিনের সংকট থাকায় আহতদের বাইরের দোকান থেকে তা সংগ্রহ করতে হচ্ছে। অনেক রোগী বাইরের দোকানে ভ্যাকসিন না পাওয়ায় ইনসেপ্টা ফার্মার বিক্রয় প্রতিনিধিকে আমরাও ফোন করে দেবীদ্বারে জরুরি ভিত্তিতে আইজি ভ্যাক্সিন সরবরাহের জন্য অনুরোধ জানিয়েছি।

Post a Comment

Previous Post Next Post