নতুন দিন নতুন সূর্যোদয়। বছর, মাস, দিনের অবসান ঘটিয়ে নতুন এক ইতিহাসের সৃষ্টি হতে যাচ্ছে আন্তর্জাতিক বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কাতারের মাটিতে। কাতার বিশ্বকাপে ৩২ টি দেশ অংশগ্রহণ করলেও ইতিমধ্যে এই বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো পৃথিবীতে। বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ এখনো জায়গা করে নিতে না পারলেও খেলা প্রিয় মানুষদের কাছে বিশ্বকাপ ফুটবল একটি আবেগের জায়গায় পরিণত হয়েছে। নিজ দেশের অংশগ্রহণ না থাকায় বিভিন্ন দলের সাপোর্টার রয়েছে এই বাংলাদেশে, তবে এদেশের ফুটবল প্রেমীদের মধ্যে ৮০ ভাগই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল- আর্জেন্টিনা, মেসি ও নেইমারের ভক্ত-সমর্থক।
বিশ্বকাপ ফুটবলকে সামনে নিয়ে রাজধানী ঢাকা থেকে একদল নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষ বাড়তি আয়ের আশায় বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর পতাকা, জার্সি ও বিভিন্ন জিনিসপত্র নিয়ে খেলা প্রিয় মানুষদের হাতের নাগালে পৌঁছে দিচ্ছে প্রত্যন্ত অঞ্চলে। দেশের ফুটবল প্রেমী ভক্তরা নিজেদের পছন্দের দলের জার্সির রঙে মিলিয়ে কেউ বাড়ি রাঙিয়ে নিচ্ছেন, কেউ কেউ দীর্ঘ পতাকা সাটাচ্ছেন, কেউ বাড়ির আঙিনায় নিজ পছন্দের দলের পতাকা উড়াচ্ছেন, কেউ পছন্দের দলের জার্সি পড়ে শোডাউন করে জানান দিচ্ছেন। সর্বোপরি বিশ্বকাপ ফুটবলকে ঘিরে মেতে উঠেছে পুরো দেশ।
পূর্বে অনুষ্ঠিত সকল বিশ্বকাপ আসর থেকে বেশি বাজেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের কাতার বিশ্বকাপ - ২০২২। এই বিশ্বকাপে প্রায় ২২০ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে, যা বিশ্বকাপ ইতিহাসের সকল বাজেটকে ছাড়িয়ে গিয়েছে বহুদূর।
এটি ফিফা বিশ্বকাপের ২২ তম আসর, যেখানে ৩২টি জাতীয় ফুটবল দল ৮টি গ্রুপে প্রতিযোগিতা করবে। এই প্রথম কোনো আরব দেশে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাতারের ৫৫ কিলোমিটারের মধ্যে ৫টি শহরের ৮টি জমকালো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলা।
বিশ্বকাপ ফুটবলের ৯২ বছরের যাত্রায় প্রতি আসরেই নতুনত্বের জন্ম দিয়ে আসছে, তবে এবারের আসরে নতুনত্বের মেলা ঘটতে যাচ্ছে কাতারে। ২৯ দিন কার্যকালের বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী খেলায় ২০ নভেম্বর(আজ) কাতার ও ইকুয়েডর মুখোমুখি হবে এবং ১৮ই ডিসেম্বর কাতারের জাতীয় দিবসে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারই প্রথম প্রযুক্তিযুক্ত বল " আল রিহলা" বাংলায় "ভ্রমণ" ব্যাবহৃত হচ্ছে বিশ্বকাপে। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো নারী রেফারি সংযুক্ত করা হয়েছে।
এবার দেখার পালা কারা হতে যাচ্ছে কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপ- ২০২২'র চ্যাম্পিয়ান?
আগামী ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের আসর ৪৮ দলের অংশগ্রহনে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে।
সবশেষে একটা কথাই বলবো; সুশৃঙ্খল পরিবেশে, ভাতৃত্ববোধ বজায় রেখে, মাসব্যাপী বিশ্বকাপ ফুটবল খেলা আনন্দ উল্লাসের মাধ্যমে আমরা সবাই উপভোগ করবো এটাই জেনো হয় আমাদের অঙ্গীকার।
শফিউল আলম রাজীব
দেবীদ্বার, কুমিল্লা।



Post a Comment