দেবীদ্বারে কার্ভাডভ্যানসহ ছিনতাই হওয়া ২৫ লক্ষ টাকার গামের্ন্টস পণ্য উদ্ধার; আটক ৩

 


শফিউল আলম রাজীব,
দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি//

কুমিল্লার দেবীদ্বারে কার্ভাডভ্যানসহ ছিনতাই হওয়া ২৫ লক্ষ টাকার গামের্ন্টস পণ্য উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুরছাপ থেকে মালামালসহ কার্ভাড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। এসময় তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

আটকৃতদের মঙ্গলবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃত ছিনতাইকারীরা হলো, বাগেরহাট জেলার মুড়ালগঞ্জ উপজেলার মহিষচরনি গ্রামের  আবদুল মজিদ মিয়ার ছেলে কাভার্ডভ্যানের চালক মোঃ মহিদুল ইসলাম (৪৮), দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুরপুর গ্রামের ইব্রাহীম খলিল মিয়ার ছেলের মো. আল আমিন (২৬) ও বুড়িচং উপজেলার দক্ষিণ ভারেল্লা ইউনিয়নের বাহিরী পাড়া গ্রামের  সিরাজুল ইসলামের ছেলে মো. রহুল আমিন(২৬)।

ওই ঘটনায় আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতত বিচার) (সংশোধনী/২০১৯) এর ৪ ধারায় চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার নাটমুড়া গ্রামের আব্দুল খালেক এর পুত্র ফজলুর রহমান বাদী হয়ে আটক ৩ ছিনতাইকারী ও অজ্ঞাতনাম দু’জনসহ ৫জনকে অভিযুক্ত করে সোমবার দিবাগত রাত পৌনে ২টায় দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২৫।
 

পুলিশি সূত্রে জানা গেছে, ঢাকা আশুলিয়ার পলমল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর আয়েশা ক্লোথিং লিমিটেড নামক ফ্যাক্টরির (ঢাকা মেট্রো-ইউ-১৪-০৩৬৯) কার্ভাডভ্যানটি গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে রপ্তানিযোগ্য গার্মেন্টস সামগ্রী নিয়া চট্টগ্রামস্থ কেডিএস কন্টেইনার ডিপোর উদ্দেশ্যে রওনা হয়। পরে গাড়িটি নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীদ্বার থানার নুরমানিকচর এলাকায় পৌছলে কাভার্ডভ্যানের চালক মোঃ মহিদুল ইসলাম হেলপার বেলাল হাওলাদারকে কাভার্ডভ্যানটি নিয়ে সামনে যাওয়ার জন্য বলে গাড়ি থেকে নেমে যান। পরে বেলাল হাওলাদার গাড়িটি নিয়ে নুর মানিক চর এলাকায় গিয়ে রাস্তার ওপর থামিয়ে রাখার কিছুক্ষণ পর চালক মহিদুল ইসলামের নেতৃত্বে ৪/৫জন ছিনতাইকারী গাড়ির ভিতরে ডুকে হেলপার বেলাল হাওলাদারকে মারধর করে দেশীয় অস্ত্রের মুখে কার্ভাডভ্যান থেকে নিচে ফেলে মালামাল বোঝাই গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে হেলপার বেলাল দেবীদ্বার এলাকায় টহলরত পুলিশ সদস্যদের বিষয়টি জানালে এসআই চন্দন চন্দ্র দাস ও এএসআই জাহিদ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ছিনতাই হওয়া (ঢাকা মেট্রো-ইউ-১৪-০৩৬৯) কাভার্ড ভ্যানটি উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ থেকে উদ্ধার করে। এসময় পুলিশের অবস্থান টের পেয়ে দুইজন আসামী পালিয়ে যায়।
 
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, কাভার্ড ভ্যান চালক পূর্ব পরিকল্পিতভাবে প্রায় ২৫ লক্ষাধীক টাকার মালামাল ছিনতাইয়ের চেষ্টাকালে আটক হয়। কভার্ড ভ্যানে থাকা দ্রুত রপ্তানীযোগ্য গার্মেন্টস মালামাল হওয়ায় সেগুলো মালিক পক্ষ নিয়ে যায়। আটককৃত ৩ আসামীকে আজ (মঙ্গলবার) দুপুরে কোর্ট হাজতে চালান করা হয়েছে। বাকীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

Post a Comment

Previous Post Next Post